ট্রাম্পের বাণিজ্যনীতির কী প্রভাব পড়তে পারে বাংলাদেশে
১১ বছর আগের কথা; ২০১৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) স্বাক্ষর করে। এর পাঁচ মাস আগে ২৮ জুন বাংলাদেশকে দেওয়া জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) সুবিধা স্থগিত ঘোষণা করে যুক্তরাষ্ট্রের ওবামা সরকার। দুই দেশের বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে অল্প সময়ের ব্যবধানে এ দুটি ঘটনা ছিল তাৎপর্যপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই।
জিএসপি–সুবিধা স্থগিতকরণ টিকফা স্বাক্ষরকে ত্বরান্বিত করেছিল বলে ধরা যায়, যদিও তার আগে প্রায় এক দশক ধরে এ রকম একটি চুক্তি নিয়ে আলোচনা চলেছে। প্রথমে বাণিজ্য ও বিনিয়োগ রূপরেখা চুক্তি (টিফা) করার উদ্যোগ নেওয়া হয় ২০০২ সালে, শেষতক তা টিকফায় রূপ নেয়।
তবে জিএসপি স্থগিতকরণ ও টিকফা স্বাক্ষরের এক দশকের বেশি সময় পর এসে দুই দেশের মধ্যকার সম্পর্ক একটি নতুন মাত্রায় উপনীত হয়েছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি যখন নিশ্চিতভাবেই সংরক্ষণমূলক হয়ে উঠবে, তখন বাংলাদেশকেও ট্রাম্পের নীতির সঙ্গে সমন্বয় করার বিষয়টি ভাবতে হবে।

Comments
Post a Comment